ভোলার দৌলতখানে ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ বড় ভাই (ভাশুর) ফারুক কাজীর বিরুদ্ধে। এমন ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুকদেব মদনমোহন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কাজি বাড়িতে। গুরুতর আহত ৫ মাসের অন্তঃসত্ত্বা নুরনাহারকে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, বসত ঘরের পেছনের জমিতে ছোট ভাই আজাদের অন্তঃসত্ত্বা স্ত্রী নুরনাহার লাউয়ের চারা রোপণকে কেন্দ্র করে জমাজমির বিরোধের জেরে এ ঘটনা ঘটে। বাড়ির লোকজন ও আহত নুরনাহার সাংবাদিকদের জানান, বসতঘরের পেছনে লাউয়ের চারা রোপণ করতে গেলে ভাশুর ফারুক কাজি ও তার স্ত্রী পারভীন মুন্নী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্দয় ভাবে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে।
মারপিটের এ ঘটনা স্বীকার করে ফারুক কাজি বলেন, বসত ঘরের পেছনে তার জমিতে লাউয়ের চারা রোপণ করায় তিনি বাধা দেন এবং লাঠি দিয়ে মারপিট করেন। আহত নুরনাহারের স্বামী আজাদ কাজি জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।