রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে মুখোশ ও হেলমেট পরে মশাল হাতে ঝটিকা মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিবাগত রাতে রামিল হাসান সুইট নামের একটি ফেসবুক পেজ থেকে "ধন্যবাদ কামারগাঁ" ক্যাপশনে ওই মশাল মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়।
ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী রামিল হাসান সুইট তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি তানোর পৌর এলাকার বুরুজ গ্রামে। তবে, তিনি বাড়িতে থাকেন না। রাজশাহী নগরীতে অবস্থান করেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে একদল লোক হাতে জ্বলন্ত মশাল নিয়ে জয়বাংলা জয়বন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, ফারুক চৌধুরী ভয় নাই রাজপথ ছাড়ি নাইসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরিচয় গোপন রাখতে মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশেরই মুখে কাপড় ও মাস্ক দিয়ে ঢাকা ছিল এবং বেশ কয়েকজন মাথায় হেলমেট পরে ছিলেন।
তবে, সঠিক কোন সড়কে বা কামারগাঁ ইউনিয়নের কোন এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে, রাতের অন্ধকারের কারণে ভিডিওটি দেখে তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের নামে মুখোশ ও হেলমেট পরে মশাল হাতে ঝটিকা মিছিলের ভিডিও আইডেন্টিফাই করে ব্যবস্থা নেয়া হবে। ই/তা