ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

এফএনএস | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৫৭ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: FNS

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে দীর্ঘ এই যানজটে আটকা পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হয়। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকলে যানজট গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ডভ্যানটি বিকল হওয়ার পর থেকেই যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। একপর্যায়ে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কোথাও গাড়ি থেমে থেমে চলছে, আবার কোথাও চলছে অত্যন্ত ধীরগতিতে।
দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ক্ষোভ ও ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। শাহাবুদ্দিন নামে এক বাসযাত্রী বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটির দিনে বিভিন্ন প্রয়োজনে গ্রামের বাড়িতে যেতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিবারই দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।
যানজটে আটকে পড়া ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু জানান, গজারিয়ার জামালদী এলাকা থেকে যানজটে পড়েছেন তিনি। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
আরেক ট্রাকচালক শাকিল মিয়া বলেন, জামালদী এলাকা থেকে যানজটে আটকা পড়েছেন তিনি। আনারপুরা বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। বিকল গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সর্বশেষ খবর অনুযায়ী, মহাসড়কে যানজট কিছুটা কমেছে। তবে যানবাহন চলাচল এখনও ধীরগতিতে রয়েছে। দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপনার জেলার সংবাদ পড়তে