মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:৫৩ পিএম
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
ছবি: FNS

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার মান্দা সদর ইউনিয়নের উত্তর কোচড়া কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউসুফ আলী ওই গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর ভোগদখলীয় জমি থেকে আম, লিচু, মাল্টা, লেবু ও ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় একই এলাকার আবুল কাসেম, ইয়ামিন আলী, হাবিবুর রহমান ও তাঁদের সহযোগীদের দায়ী করেছেন তিনি।
ইউসুফ আলী বলেন, মাত্র তিন শতক জমি নিয়ে বিরোধ থাকলেও প্রতিপক্ষরা তাঁর প্রায় ৪৬ শতক জমির গাছপালা কেটে সাবাড় করেছে। রাতের আঁধারে পরিকল্পিতভাবে এসব গাছ কাটা হয়েছে বলে তাঁর অভিযোগ।
তিনি আরও অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে তাঁর পরিবারের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি নিজে, তাঁর স্ত্রী তানজিমা খাতুন, শ্যালক কামরুল হাসান, বোন বেবী সুলতানা ও রেহেনা বেগম গুরুতর আহত হন।
এসব ঘটনায় ইউসুফ আলী ও তাঁর বোন বেবী সুলতানা বাদী হয়ে নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। মামলা দুটির তদন্ত করছে মান্দা থানা পুলিশ।
তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল কাসেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে