উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপচে পড়া ভিড়ে চাঁদপুরে পর্দা উঠল ২২তম জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শাহরাস্তি উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে শুভসূচনা করেছে মতলব দক্ষিণ উপজেলা দল।
বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুনযুক্ত বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা, জেলাপ্রশাসক জেলা ক্রীড়া সংস্থার পতাকা এবং ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ স্ব-স্ব উপজেলা দলের ক্রীড়া পতাকা উত্তোলন করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ
জেলাপ্রশাসক আহমেদ জিয়াউর রহমান
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর এছাড়াও অনুষ্ঠানে জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, জয়নাল আবেদীন জনু, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচের চিত্র
উদ্বোধনী খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে শাহরাস্তি ও মতলব দক্ষিণ। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় সবুজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শাহরাস্তি উপজেলা দল। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় মতলব দক্ষিণ। খেলার ৪২ ও ৪৬ মিনিটে পরপর দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন সাগর। বিরতির পর দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল শোধ ও ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব দক্ষিণ। শনিবার (১৪ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা দল।