চাঁদপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী ও মাদক কারবারিসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে আটক এবং ১৬ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এসময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর ডিবি ৫ জন, হাজীগঞ্জ থানা ১ জন এবং শাহরাস্তি থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।
অপরদিকে, পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতারসহ মোট ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে মতলব দক্ষিণ থানায় ১ জন (৬ পিস ইয়াবা), হাইমচর থানায় ১ জন (৫ পিস ইয়াবা) এবং কচুয়া থানায় ১ জনকে (৫ পিস ইয়াবা) গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন নিয়মিত মামলায় ১৫ জন এবং অন্যান্য ধারা ও অভিযানে আরও ৩ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা ১২ জন, হাইমচর থানা ২ জন, শাহরাস্তি থানা ২ জন, কচুয়া থানা ১ জন এবং মতলব দক্ষিণ থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে আটক করা হয়। এর মধ্যে কচুয়া থানা ৬ জন, হাজীগঞ্জ থানা ৫ জন, মতলব উত্তর থানা ৫ জন এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৪ জনকে আটক করে।
পুলিশ জানায়, আটক কিশোরদের বয়স ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ২৮ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলার সার্বিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।