ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছেন সরাইল থানার টহল পুলিশের একটি দল। গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা, ছোরা, কাঁচি, কার্টার ও হেক্সু ব্লেডসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীররাতে এস আই রাজীব বড়ুয়ার নেতৃত্বে সরাইল থানার রাত্রিকালিন টহল পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে তারা শাহবাজপুর জিলানি পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেন। সেই সাথে জব্দ করেন তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি। গ্রেপ্তারকৃতরা হলো-আশুগঞ্জের চরচারতলার মো. নাছির মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩০), একই গ্রামের মরম পাড়া কিচকি বাড়ির জজ মিয়ার ছেলে মো: স্বপন (২০), সরকার বাড়ির প্রয়াত হেলাল সরকারের ছেলে সিয়াম সরকার (২৮), সোনারামপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে নজরূল ইসলাম (২৫)। এঁদের মধ্যে সিয়াম ও নজরূল খুবই দুর্ধর্ষ ডাকাত। সিয়ামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, আশুগঞ্জ থানা, সরাইল থানায় মাদক, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৯টি মামলা চলমান রয়েছে। আর নজরুলের বিরুদ্ধে রয়েছে প্রায় ৫টি মামলা । মামুন ও স্বপনও মামলার আসামি। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূইয়া বলেন, মাদক চুরি ও ডাকাতি প্রতিরোধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।