এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় ৩৮ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় ৩৮ জনকে আসামি করে মামলা
ছবি: FNS

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় এজাহার জমা দিয়েছেন তিনি। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় এজাহার জমা দেন নুসরাত তাবাসসুম।

এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য।

এ ঘটনায় বাড়িটির টিনশেড ভবনের ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

আগুনের খবর পেয়ে বুধবার রাতেই গ্রামের বাড়িতে যান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কয়েক দিন ধরে একটি সন্দেহজনক নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছিল। এর বাইরে আরও কয়েকটি হুমকিমূলক ফোন পান তিনি। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বাড়িতে হামলা করে তাকে দমিয়ে রাখা যাবে না বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে