আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে চাঁদপুরে নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে থাকা প্রায় অর্ধশত ইঞ্জিনচালিত জেলেনৌকা পচে নষ্ট হয়ে যাচ্ছে। জব্দ করার পর দীর্ঘদিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নৌকাগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নিঃস্ব হয়ে পড়ছেন দরিদ্র জেলেরা। অন্যদিকে আইনি প্রক্রিয়ার কারণে লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হলেও আদালতের নির্দেশ ছাড়া চাইলেই এগুলো হস্তান্তর বা নিলাম করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমকে নৌকাগুলো পুলিশ হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজমগীর হোসেন। নৌকাগুলোর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সময়ে পদ্মা ও মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে এসব ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে নৌ পুলিশ। এ সময় জেলেদের আটকের পাশাপাশি তাদের ব্যবহৃত নৌকার বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী কয়েকজন জেলে জানান, তাদের আর্থিক অবস্থা অত্যন্ত অসচ্ছল। এনজিও বা বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে এবং ধারদেনা করে জীবিকা নির্বাহের জন্য তাদের এই নৌকাগুলো তৈরি করতে হয়। আইনগত বাধ্যবাধকতায় জেলেরা আটক হওয়ার পর জামিন পেলেও নৌকা ছাড়ানোর অতিরিক্ত খরচ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয় না। জেলেরা দাবি করেন, তাদের জামিন পাওয়ার সময় যদি জব্দকৃত নৌকাটিও আদালতের মাধ্যমে দ্রুত ছাড়িয়ে নেওয়ার সুযোগ থাকত, তবে তাদের এই করুণ দশায় পড়তে হত না। এভাবে নৌকাগুলো নষ্ট হওয়ায় একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে দিশাহারা হয়ে পড়ছেন প্রান্তিক মৎস্যজীবীরা।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ আজমগীর হোসেন বলেন, ‘‘বিভিন্ন অভিযানে আটক হওয়া অর্ধশত নৌকা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। নির্ধারিত অভিযান শেষে জেলেরা আদালত থেকে জামিন পেলেও নৌকার বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগে। জেলেরা যেভাবে অপরাধের দায়ে মামলা ও গ্রেফতারের মুখোমুখি হন, তাদের নৌকাগুলোর ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কিন্তু জটিলতা ও অতিরিক্ত খরচের ভয়ে অনেক সময় জেলেরা নৌকাগুলো আর ছাড়িয়ে নিতে আসেন না। ফলে মাসের পর মাস এবং বছরের পর বছর একই স্থানে পড়ে থেকে নৌকাগুলো পচে নষ্ট হচ্ছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত এগুলো নিলাম করা বা কারও কাছে হস্তান্তর করা আমাদের পক্ষে আইনগতভাবে সম্ভব নয়।’’
স্থানীয় সচেতন মহলের মতে, দরিদ্র জেলেদের জীবিকার প্রধান মাধ্যম এই নৌকাগুলো এভাবে নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া আরও সহজ বা দ্রুততর করার মাধ্যমে জব্দকৃত এসব নৌকার সঠিক নিষ্পত্তি না হলে একদিকে যেমন সরকারের সম্পদ বিনষ্ট হবে, অন্যদিকে আইনি জটিলতার গ্যাঁড়াকলে পড়ে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়বেন অসহায় জেলেরা।