কক্সবাজারে ফের আবাসিক হোটেল আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

এফএনএস; কক্সবাজার:
| আপডেট: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৪২ পিএম | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ পিএম
কক্সবাজারে ফের আবাসিক হোটেল  আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
ছবি: FNS

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের কক্স অ্যাম্বাসেডর নামের একটি আবাসিক হোটেলের অষ্টম তলায় আগুন লাগে। এ সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে অবস্থানরত পর্যটকদের দ্রুত বাইরে বের করে আনা হয়। একই সঙ্গে আশপাশের হোটেলের পর্যটক এবং স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে গিয়ে সড়কে অবস্থান নেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও আবাসিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কাঠ, বাঁশ ও টিন দিয়ে নির্মিত দুই তলাবিশিষ্ট ওই স্থাপনায় আগুনে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের পর্যটন খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ এবং সামগ্রিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে