ক্যানসার চিকিৎসায় সরকারের ব্যর্থতা আর কত

সম্পাদকীয় | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম
ক্যানসার চিকিৎসায় সরকারের ব্যর্থতা আর কত
ছবি: FNS

ক্যানসারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত মানুষের কাছে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ বাংলাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে রোগীদের দিনের পরদিন, এমনকি বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিত্র সেই বাস্তবতারই নির্মম প্রকাশ। সেখানে পরীক্ষার সিরিয়াল পেতে স্বজনদের মধ্যরাত থেকে লাইনে দাঁড়াতে হয়, অসুস্থ রোগীকে রাত কাটাতে হয় হাসপাতালের মেঝেতে, আর রেডিওথেরাপির জন্য অপেক্ষার সময় গড়ায় কয়েক মাস থেকে বছর পর্যন্ত। এটি শুধু একটি হাসপাতালের সংকট নয়, দেশের ক্যানসার চিকিৎসাব্যবস্থায় সরকারের দীর্ঘদিনের অবহেলা ও ব্যর্থতার প্রতিফলন।
দেশের সবচেয়ে বড় বিশেষায়িত ক্যানসার হাসপাতালটির শয্যা গত এক যুগে বাড়লেও প্রয়োজনীয় জনবল বাড়েনি। চিকিৎসা সরঞ্জামের একটি অংশ দীর্ঘদিন ধরে অচল। রোগীর চাপ সামলাতে তিন পালায় রাত পর্যন্ত রেডিওথেরাপি দিয়েও চাহিদা পূরণ করা যাচ্ছে না। হাসপাতালটির পরিচালকের বক্তব্য অনুযায়ী, অনেক রোগীকে ২০২৭-২৮ সাল পর্যন্ত অপেক্ষার সময় দেওয়া হচ্ছে। অথচ ক্যানসারের চিকিৎসায় এমন দীর্ঘ বিলম্ব রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলে।
সরকারের স্বাস্থ্য খাতে বরাদ্দ, উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামো নির্মাণের আলোচনা থাকলেও বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ঘাটতি স্পষ্ট। শুধু হাসপাতাল ভবন বা শয্যা বাড়ালেই দায়িত্ব শেষ হয় না। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় ওষুধ এবং পরীক্ষার সক্ষমতা নিশ্চিত করতে হয়। এসবের সমন্বিত ব্যবস্থা না থাকলে সাধারণ মানুষের চিকিৎসার অধিকার কাগজেই সীমাবদ্ধ থাকে।
অর্থবিত্ত থাকলে অনেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। কিন্তু দরিদ্র মানুষের সেই সুযোগ নেই। তাঁদের ভরসা সরকারি হাসপাতাল। সেখানে চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা, অব্যবস্থাপনা ও অবহেলা তাঁদের অসহায় করে তুলছে। রোগীর বাঁচার সম্ভাবনা বিবেচনা করে চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সরকারের উচিত ক্যানসার চিকিৎসাকে জরুরি অগ্রাধিকার দেওয়া। দ্রুত জনবল নিয়োগ, অচল যন্ত্রপাতি সচল, নতুন চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং জেলা পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি অপেক্ষমাণ রোগীদের চিকিৎসার সময়সীমা নির্ধারণ করে নিয়মিত তদারকি করতে হবে। ক্যানসার রোগীর চিকিৎসা কোনো দয়া নয়, এটি নাগরিকের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে না পারার দায় সরকার এড়াতে পারে না।

আপনার জেলার সংবাদ পড়তে