সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:০৬ পিএম
সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য
ছবি: FNS

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় আরও ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষী তাদের জবানবন্দি দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। জবানবন্দি গ্রহণ শেষে আদালত আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষীরা হলেন—প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজার রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই মো. আল আমিন এবং বান্দরবান জেলার সাবেক অতিরিক্ত জেলাপ্রশাসক এস. এম. মঞ্জুরুল হক।

এর আগে গত ৩ মে একই আদালত এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তদন্তকারী কর্মকর্তা আসামি বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার নতুন তথ্য পেয়েছেন। আগের চার্জশিটে বাড়ি কেনার ব্যাংক লেনদেনের (ট্রানজেকশন) তথ্য ছিল না। এজন্য তদন্ত কর্মকর্তা নতুন করে সম্পূরক চার্জশিট দাখিল করেছেন, যেখানে টাকার পরিমাণ ও সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকে আজ পর্যন্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে