পিরোজপুরের জিয়ানগরে সরকারি রাস্তার পাশে বর্ণ বিভাগের লাগানো দুটি গাছ অনুমতি ছাড়া কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য বালিপাড়া গ্রামে বালিপাড়া কওমি মাদ্রাসার রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা ইউসুফ খান ও মান্নান খান রাস্তার পাশে বর্ণ বিভাগ থেকে লাগানো একটি মেহগনি ও একটি শিরীষ গাছ অনুমতি ছাড়াই কেটে ফেলেন। গাছ দুটির আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, সরকারি জায়গার গাছ দুটি কেটে প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয়রা বাধা দিলেও তা উপেক্ষা করে গাছ কাটা হয়। বিষয়টি বর্ণ বিভাগের এক কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন তারা। অভিযুক্ত ইউসুফ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভুলে গাছ কেটে ফেলেছি। এখন কী করার আছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ‘গাছ কাটার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’