২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক বিদায়ের পর জাতীয় দলের ড্রেসিংরুমে বিভক্তি ও দ্বন্দ্বের যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নাকচ করেছেন অধিনায়ক সন হিউং-মিনসহ দলের অভিজ্ঞ পাঁচ ফুটবলার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের হুমকি দিয়ে সতীর্থদের ওপর চাপ সৃষ্টির অভিযোগও অসত্য বলে জানিয়েছেন তাঁরা। কাতারের দোহায় দলের বর্তমান অনুশীলন ক্যাম্প থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে নিজেদের ঐক্যের কথা তুলে ধরেছেন খেলোয়াড়েরা।
বিবৃতিতে সনের সঙ্গে স্বাক্ষর করেছেন লি জে-সুং, হোয়াং হি-চান, হোয়াং ইন-বিওম ও কিম মিন-জে। তাঁদের দাবি, অবসরের শর্তে নির্দিষ্ট কিছু দাবি আদায়ের চেষ্টা করেছেন বলে যে খবর ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই।
দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেওয়া বিবৃতিতে তাঁরা বলেন, “অবসরের শর্তে নির্দিষ্ট কিছু দাবি আদায়ের চেষ্টা করেছি, এমন কথা সম্পূর্ণ অসত্য। আমড়া দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য একসঙ্গে খেলছি। একই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে চলা সতীর্থ আমড়া।”
আগামী প্রজন্মের ফুটবলারদের জন্য আদর্শ হয়ে উঠতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেছেন তাঁরা।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর বিভক্তির গুঞ্জন
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরই দলের ভেতরে দ্বন্দ্বের খবর সামনে আসে। টুর্নামেন্টে চেকিয়ার বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করেছিল দলটি। কিন্তু পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।
এই ব্যর্থতার পর প্রধান কোচ হং মিয়ং-বো এবং দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চুং মং-গিউ পদত্যাগ করেন। এর মধ্যেই দলের অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের মধ্যে দূরত্ব তৈরির খবর ছড়াতে থাকে।
গুঞ্জনে বলা হয়, সন হিউং-মিনের নেতৃত্বাধীন ‘৯২-লাইন’ এবং কিম মিন-জে ও হোয়াং হি-চানদের নিয়ে গঠিত ‘৯৬-লাইন’-এর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে খেলোয়াড়দের এই দুই দলে ভাগ করে দেখানো হচ্ছিল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে সনকে একাদশের বাইরে রাখার ঘটনাও আলোচনায় আসে। এরপর অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে দলের ভেতরের অস্বস্তি নিয়ে নতুন করে খবর ছড়ায়। এসব গুঞ্জনের জবাব দিতেই এবার যৌথ বিবৃতি দিয়েছেন পাঁচ অভিজ্ঞ ফুটবলার।
দলকে এক করার দায়িত্ব মোরেনোর
বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়া দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার দায়িত্ব পড়েছে অন্তর্বর্তীকালীন কোচ রবার্ট মোরেনোর ওপর। সামনে সৌদি আরব ও কাতারের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
এই ম্যাচ দুটির জন্য দল ঘোষণার সময় সাম্প্রতিক দ্বন্দ্বের গুঞ্জনে যাঁদের নাম এসেছে, তাঁদের সবাইকে দলে ডেকেছেন মোরেনো। ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের ভেতরের ঐক্য ফিরিয়ে আনাও তাঁর সামনে বড় দায়িত্ব হয়ে উঠেছে।
গুঞ্জন নিয়ে খেলোয়াড়দের যৌথ বিবৃতির মধ্য দিয়ে আপাতত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ ফুটবলাররা। তাঁরা জানিয়েছেন, জাতীয় দলের হয়ে একই লক্ষ্য নিয়ে একসঙ্গেই এগিয়ে যেতে চান।