গজারিয়া উপস্বাস্থ্যকেন্দ্রে নেই জনবল, ভবেরচরে সেবা দেন অফিস সহায়ক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য ব্যাহত হচ্ছে। তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন গড়ে ওঠা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক ও কর্মচারীর সংকট এবং ওষুধের অপ্রতুল সরবরাহ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। উপজেলার চারটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের তিনটিতেই রয়েছে জনবলের প্রকট ঘাটতি। ফলে দূর-দূরান্ত থেকে সেবা নিতে এসে চরম ভোগান্তি ও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, উপজেলার চারটি উপস্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে নিয়মিত কোনো চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) নেই। গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের এক মাত্র মিডওয়াইফ সেলিনা আক্তার প্রেষণে অন্যত্র দায়িত্ব পালনে থাকায় ওই কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে নিজস্ব কোনো লোকবল নেই। ভবেরচর ইউনিয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা ফার্মাসিস্ট শিরিন আক্তার স্থানীয় কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহের নির্ধারিত দিনে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।
এদিকে, ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার শারমিন সুলতানা সপ্তাহে একদিন এই কেন্দ্রে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, অফিস সহায়ক মো. মোফাজ্জল হোসাইনকে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার খাদিজাতুল কোবরা অসুস্থতাজনিত কারণে গত কয়েক মাস ধরে কেন্দ্রে আসেন না। কেন্দ্রের দায়িত্বে থাকা ফার্মাসিস্ট শিরিন গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে বসেন। ওই কেন্দ্রের মিডওয়াইফ পদ দীর্ঘ দিন শূন্য রয়েছে। চিকিৎসক শারমিন সুলতানা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন বলে জানিয়েছেন অফিস সহায়ক। তিনি দাবি করেন, শারমিন প্রতি বুধবার ভবেরচর কেন্দ্রে সেবা দেন। এদিকে ইমামপুর ইউনিয়নের রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ওয়াহিদুজ্জামান রণি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রায় তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কেন্দ্রের মেডিকেল অফিসারের পদ কয়েক বছর ধরে শূন্য। একই কেন্দ্রের মিডওয়াইফ নাজনীন আক্তার ও অফিস সহায়ক মোতালেব মিয়া প্রেষণে অন্যত্র আছেন। রোগীদের একমাত্র অবলম্বন ফার্মাসিস্ট ইসরাত জাহান আঁখি। সম্প্রতি ইসরাত তার শিশু সন্তান নিয়ে কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন।
হোসেন্দী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার প্রতি বুধবার ওই কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিয়ে সপ্তাহের বাকি কর্মদিবসে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন বলে নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মো. শহিদুল ইসলাম।
হোসেন্দী উপস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মিজানুর রহমান প্রেষণে অন্যত্র রয়েছেন। ফলে ওই কেন্দ্রে স্বাভাবিক উপায়ে প্রসবের ব্যবস্থা না থাকায় কেন্দ্রটির মিডওয়াইফ রিনা আক্তার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। সেবা প্রার্থীদের দাবি, এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। গ্রাম থেকে সেবা নিতে ছুটতে হচ্ছে উপজেলা হাসপাতালে। গজারিয়া, ভবেরচর, রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী মেডিকেল অফিসার না থাকায় তৃণমূলের প্রান্তিক মানুষ স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তির স্বীকার হচ্ছেন। ভবেরচর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা বৃদ্ধা সখিনা বেগম বলেছেন, ‘আমি নিয়মিত এ কেন্দ্রে সেবা নিতে আসি। কিন্তু ডাক্তার না থাকায় অন্য রোগের চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা হাসপাতাল অথবা দূরে কোথাও যেতে হয়। গরিব হওয়ায় অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই।’ রসুলপুর উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। ওই কেন্দ্রে সেবা নিতে আসা বাঘাইয়া কান্দি গ্রামের স্বপন মিয়া জানিয়েছেন, এখানে বড় ডাক্তার নেই। তাই একটু জটিল রোগ হলেই চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা হাসপাতালে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফুলদী নদী দ্বারা বিচ্ছিন্ন গজারিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রটি এখন অনেকাংশে অকার্যকর বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ কেন্দ্রের নিজস্ব কোনো লোকবল না থাকায় ভবেরচর কেন্দ্রের একজন স্টাফ দিয়ে সেখানে কোনোরকমে কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপস্বাস্থ্যকেন্দ্রটিতে দীর্ঘদিন নেই কোনো চিকিৎসক। একজন দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট এসে কিছুক্ষণের জন্য তালা খোলেন এবং নামমাত্র কিছু ওষুধ বিতরণ করে আবার বন্ধ করে দেন। দিনমজুর আয়নাল মিয়া বললেন, 'কোনো অসুখ হইলে আমাগো নদী পার হইয়া সদর বা ভবেরচর হাসপাতালে যাওন লাগে। পথেই রোগী মরার অবস্থা হয়। সরকারি হাসপাতালেও যদি ডাক্তার না থাহে, তবে এই হাসপাতাল করার দরকার কী আছিল?’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলাইমান সুজন জানিয়েছেন, বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হবে। সার্বিক বিষয়ে জানতে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলিমা আফরোজার মোবাইল ফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বললেন, ‘গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানাতে পারব।’