কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৩:০৫ পিএম
কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
ছবি: FNS

গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১' শ ১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা (নং ১৫) দায়ের করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার কাপাসিয়া থানার এসআই মোহাম্মদ শহিদুল আলম ও এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় ওই মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান (৪৯) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দর্জীর (৪২) নেতৃত্বে গত ৯ নভেম্বর ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাপাসিয়া থানার ঢাকা সড়কের জামিরারচর বাজার এলাকায় মিলনের বাড়ির সামনে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়। তাদের বিরুদ্ধে সকল প্রকার মিছিল মিটিং ও সমাবেশ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আসামীরা জনসম্মুখে দেশের জন্য নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করা সহ দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ অপপ্রচার করার জন্য সমবেত হয়। তারা শেখ হাসিনাকে দেশে আনার জন্য "শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে" ইত্যাদি স্লোগান দিয়ে অপরাধ করার চেষ্টা করে।
দায়েরকৃত মামলায় উল্লিখিত ৩৭ জন ও অজ্ঞাতনামা ৭০/৮০জন আসামিরা উপজেলার বিভিন্ন জায়গায় অবস্থান করে সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার ও ব্যানার টানিয়ে বিভিন্ন প্রকার স্লোগান দেয়ার অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন অমান্য করার অপরাধে দায়ী করা হয়।

তাদের পূর্ব ঘোষিত ১০ নভেম্বর সারাদেশে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থল থেকে এলাকাবাসীর উপস্থিতিতে জ্বালানি কাঠ ও পোড়ানো টায়ার জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানা পুলিশ জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে