চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ (বুধবার) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫২ জন আসামিকে গ্রেফতার এবং ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ২ জন, শাহরাস্তি থানায় ৩ জন এবং কচুয়া থানায় ১ জন। এদিকে মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৯ জন, হাইমচর থানায় ১ জন এবং ফরিদগঞ্জ থানায় ৬ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন ধারা ও বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১০ জন, হাইমচর থানায় ২ জন, ফরিদগঞ্জ থানায় ৩ জন এবং শাহরাস্তি থানায় ২ জনসহ আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং কচুয়া থানায় ৫ জন আটক হন। পরে আটককৃত কিশোরদের বিস্তারিত যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।