ডেঙ্গুতে চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের মৃত্যু

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০২:৫৭ পিএম
ডেঙ্গুতে চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের মৃত্যু
ছবি: FNS

ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক মো. ফয়সাল শেখ (৪৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেঠাতো ভাই শেখ আল মামুন।
ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরাণ বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির মৃত মোহাম্মদ শেখের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে এবং সাত বছর বয়সী ছেলে স্থানীয় একটি হিফজ মাদ্রাসায় পড়াশোনা করছে। উল্লেখ্য, প্রায় তিন বছর আগে তাঁর বাবা মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরাণ বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে ফয়সাল শেখের অকাল মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে