মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়

নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম
মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
ছবি: FNS

নওগাঁর মান্দায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চা সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) বাস্তবায়নাধীন ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লোকমোর্চা প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ২০ জন অংশগ্রহণ করেন।
বিএসডিও-গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। সভায় প্রকল্পের সার্বিক কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী আতাউর রহমান। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানি পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন নজরুল ইসলাম এবং যুব প্রতিনিধি ফারজানা আক্তার।
সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা ও স্থানীয় জনগোষ্ঠীর দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন যুব প্রতিনিধি ফারজানা আক্তার। তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় সরকারি কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ বিভাগের প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি প্রচলিত নীতিমালা অনুসরণ করে দুর্যোগকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং দুর্যোগের ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশনের অংশীদারত্বে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে