শৈলকুপা তথা বাংলাদেশের গর্ব, বিশিষ্ট কবি ও সাহিত্যিক গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শৈলকুপা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, কবি গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন, কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খানুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় কবি গোলাম মোস্তফার সাহিত্যকর্ম, জীবন ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। তাঁকে ঘিরে জন্ম ও মৃত্যুদিন উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে দুই দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে কবির স্মৃতি সংরক্ষণ, তাঁর সাহিত্যকর্মের প্রচার এবং শৈলকুপার সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে বক্তারা বলেন।