মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামে পৈতৃক বসতবাড়ির জমি নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় বড় ভাই শাহজালালের বিরুদ্ধে পৈতৃক বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট ভাই আব্দুল জব্বার মিয়া। বুধবার (১১ নভেম্বর) পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত জয়নাল মোল্লার ছেলে শাহজালাল ও তাঁর ছোট ভাই আব্দুল জব্বারের মধ্যে জমি নিয়ে এ বিরোধের ঘটনা ঘটে। অভিযোগকারী আব্দুল জব্বার মিয়া বলেন, “আমার বাবার কাছ থেকে আমি পাঁচ শতক জমি ক্রয় করেছি। কিন্তু আজ আমার বড় ভাই শাহজালাল জোরপূর্বক আমার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।” এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, বলেন তাদের দুই ভাইয়ের দীর্ঘদিনের সমস্যা বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে মীমাংসা না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।