সকালের শুরুতে এক কাপ ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে ক্যাফেইনে চাহিদা মেটাতে এখন কফির পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে উজ্জ্বল সবুজ রঙের আরেক পানীয় মাচা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্যাফেতে, সব জায়গায় দেখা মিলছে এই পানীয়ের। শুধু স্বাদ বা আকর্ষণীয় রং নয়, স্বাস্থ্যগুণের কারণেও মাচার প্রতি আগ্রহ বাড়ছে। মাচা মূলত জাপানের ঐতিহ্যবাহী এক ধরনের গুঁড়া গ্রিন টি। বিশেষ পদ্ধতিতে উৎপাদিত চা-পাতা শুকিয়ে মিহি গুঁড়া করে তৈরি করা হয় এটি। সাধারণ গ্রিন টি পান করার সময় পাতা ফেলে দেওয়া হলেও মাচার ক্ষেত্রে পুরো গুঁড়াটিই পানির সঙ্গে মিশিয়ে পান করা হয়। ফলে চা-পাতায় থাকা ক্যাফেইন এল-থিয়ানিন, ক্যাটেচিন ও পলিফেনলের মতো বিভিন্ন প্রাকৃতিক উপাদান শরীরে প্রবেশ করে। কিন্তু মাচা কি সত্যিই ব্ল্যাক কফির চেয়ে বেশি উপকারী? মস্তিষ্ক, হৃদযন্ত্র, অন্ত্র থেকে শুরু করে লিভারের স্বাস্থ্যে কী প্রভাব ফেলতে পারে এই পানীয়? মাচা খেলে শরীরে কী কী উপকার হতে পারে জানুন-
মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে
মাচায় রয়েছে ক্যাফেইন ও এল-থিয়ানিন। ক্যাফেইন ঘুম ঘুম ভাব কমিয়ে সতর্কতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে এল-থিয়ানিন এমন একটি অ্যামাইনো অ্যাসিড, যা মানসিক প্রশান্তি ও মনোযোগের সঙ্গে সম্পর্কিত। এই দুই উপাদানের সম্মিলিত প্রভাবে মাচা পান করলে কাজে মনোযোগ ধরে রাখা সহজ হতে পারে। পড়াশোনা কিংবা অফিসের কাজে দীর্ঘ সময় মনোযোগ প্রয়োজন হলে অনেকেই তাই মাচা বেছে নেন।
হৃদযন্ত্রের স্বাস্থ্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে
মাচায় রয়েছে ক্যাটেচিন নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। মাচা ক্যাটেচিনে সমৃদ্ধ। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত গ্রহণের সঙ্গে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। তার ফলে হৃদরোগের ঝুঁকিও কমতে পারে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে
মাচায় থাকা পলিফেনল গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে। গ্লুকোজ শরীরের প্রধান শক্তির উৎস। তাই তা ঠিকমতো বিপাক না হলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। বিশেষ করে ডায়াবিটিস বা প্রি-ডায়াবিটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাচা খেতে পারেন, ওষুধের বিকল্প হিসেবে ভাবা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও ওষুধ চালিয়ে যেতে হবে।
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে পারে
অন্ত্রে থাকা কোটি কোটি জীবাণুর অনেকগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। এই ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাচায় থাকা উদ্ভিজ্জ যৌগ এই মাইক্রোবায়োমের পক্ষে ভালো। তাই মাচা খেলে অন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস
মাচার অন্যতম বৈশিষ্ট্য হলো এতে থাকা ক্যাটেচিন, বিশেষ করে ইজিসিজি । এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। শরীরে তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা রাখে। ফলে কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করতে পারে।
মাচা পান করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
স্বাস্থ্যগুণ থাকলেও অতিরিক্ত মাচা পান করা ঠিক নয়। এতে ক্যাফেইন রয়েছে। তাই বেশি পরিমাণে পান করলে ঘুমের সমস্যা, অস্থিরতা, বুক ধড়ফড় কিংবা পেটের অস্বস্তি হতে পারে। যারা ক্যাফেইন সংবেদনশীল, তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এছাড়া মাচার সঙ্গে অতিরিক্ত চিনি, ফ্লেভার সিরাপ বা মিষ্টি কনডেন্সড মিল্ক মেশালে পানীয়টির ক্যালরি ও চিনির পরিমাণ বেড়ে যায়। তাই স্বাস্থ্যকর বিকল্প হিসেবে পান করতে চাইলে চিনি ছাড়া অথবা অল্প মিষ্টি দিয়ে তৈরি মাচা বেছে নেওয়া ভালো। মাচা বা গ্রিন টির অতিরিক্ত ঘন নির্যাস গ্রহণের ক্ষেত্রে লিভারের ওপর বিরূপ প্রভাবের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে। সাধারণ পানীয় হিসেবে পরিমিত মাচা পান এবং উচ্চমাত্রার গ্রিন টি সাপ্লিমেন্ট গ্রহণ এক বিষয় নয়।
ব্ল্যাক কফি নাকি মাচা, কোনটি ভালো?
দুটিরই কিছু স্বাস্থ্যগুণ রয়েছে। ব্ল্যাক কফিতে ক্যাফেইন থাকে, যা সতর্কতা ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। অন্যদিকে মাচায় ক্যাফেইনের পাশাপাশি এল-থিয়ানিন ও ক্যাটেচিন পাওয়া যায়।
তাই কোনটি বেশি ভালো, তা নির্ভর করে ব্যক্তির ক্যাফেইন সহ্যক্ষমতা, ঘুমের অভ্যাস, স্বাস্থ্যগত অবস্থা এবং পানীয় তৈরির পদ্ধতির ওপর। কোনো একটি পানীয়ই সুস্থ থাকার জাদুকরি উপায় নয়। সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থতার মূল চাবিকাঠি।