নতুন ব্যাটিং পরামর্শক পাচ্ছে বাংলাদেশ

এফএনএস
| আপডেট: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ পিএম | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ পিএম
নতুন ব্যাটিং পরামর্শক পাচ্ছে বাংলাদেশ
ছবি: FNS

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনাতে ছিলেন দুই-তিন জন। এরমধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাসহ আরও কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের নাম আলোচনায় ছিল। তবে তাদের কারও সঙ্গেই চুক্তি হচ্ছে না বিসিবির। ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিতে যাচ্ছে ডেল মার্টিন বেনকেনস্টাইনকে। আপাতত শুধুমাত্র আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই কাজ করবেন তিনি। ৫২ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ ২০১৭-১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। কাজ করেছেন কাউন্টি ক্রিকেটের বিভিন্ন দলেও। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার, গ্লুচেস্টারশায়ারের কোচিং স্টাফে কাজ করার অভিজ্ঞতা আছে বেনকেনস্টেইনের। এছাড়া নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কিছু ফ্র্যাঞ্চাইজি দলেও কাজ করেছেন তিনি। এই সিরিজে দলের সঙ্গে থাকছেন না মোহাম্মদ সালাউদ্দিন। সফরে দলের ফিল্ডিং কোচ হিসেবেও থাকছেন না আশিক মজুমদার। তিনি যাচ্ছেন ‘এ’ দলের সঙ্গে। ফলে সহকারী কোচ মাকেতা সামলাবেন ফিল্ডিংয়ের দায়িত্ব।