পোশাকশিল্পে ক্ষতি পোষাতে উৎপাদন অব্যাহত রাখা জরুরি

এফএনএস | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ পিএম
পোশাকশিল্পে ক্ষতি পোষাতে উৎপাদন অব্যাহত রাখা জরুরি
ছবি: FNS

শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা-ভাঙচুর ও সড়ক অবরোধে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছলে যাচ্ছে পোশাকশিল্প। বারবার এমন পরিস্থিতির কারণে আন্তর্জাতিকবাজারে বাংলাদেশের ইমেজ ক্রমাগত ক্ষুণ্ন হচ্ছে। বাড়ছে বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি। এর সরাসরি প্রভাব পড়তে পারে নতুন ক্রয়াদেশ, রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে। গত ১ নভেম্বর শ্রমিক অসন্তোষের চরম পর্যায়ে দেশের তিনটি শিল্পাঞ্চলে ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এতে প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। শিল্পাঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী, গাজীপুর ও ময়মনসিংহে ২৭৬টি, সাভার-আশুলিয়া ও জিরাবোতে ১৮৫টি এবং ঢাকা মহানগর এলাকায় ৬৮টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়। সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়ার কয়েকটি কারখানায় কর্মবিরতি এবং ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ উৎপাদন সচল রাখার উদ্যোগ থাকলেও শিল্পাঞ্চলে অস্থিরতার ঝুঁকি এখনও কাটেনি। কয়েক দিনের অস্থিরতায় এ খাতে আর্থিক ক্ষতির পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাহত হয়েছে প্রায় ৪ কোটি ডলারের রপ্তানি কার্যক্রম। উৎপাদন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের আস্থা হারানো এবং নতুন ক্রয়াদেশ প্রতিযোগী দেশগুলোর কাছে চলে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক ক্ষতি কাটিয়ে শিল্পের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, শুধু কারখানা খুলে উৎপাদন শুরু করলেই এ সংকটের সমাধান হবে না। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে জরুরি সহায়তা দেওয়া, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামলাতে রেশনিং চালু এবং বিদেশি ক্রেতাদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। এজন্য সরকার, মালিক, শ্রমিক সংগঠন, ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জরুরি। তাদের মতে, শিল্পের স্বার্থরক্ষা এবং কর্মসংস্থান ও রপ্তানি আয় ধরে রাখতে মালিক-শ্রমিক উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সাময়িক অস্থিরতার প্রভাব দীর্ঘমেয়াদে দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে। এ খাতে যাতে পুনরায় ষড়যন্ত্র দানা বাঁধতে না পারে এ ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই যাতে গার্মেন্ট খাতের উৎপাদন ব্যাহত না হয়, রপ্তানি কার্যক্রম বেগবান হয়, তা মনিটর করতে হবে। ষড়যন্ত্রকারিরা যাতে এ খাতে আর অস্থিরতা সৃষ্টি করতে না পারে এবং যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।