জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ ও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) র্যালি ও কেক কাটার মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। উদ্বোধন শেষে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা। আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর তাৎপর্য অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে। হিসাববিজ্ঞান বিভাগে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয় এবং তারা বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখে। আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপনে ময়মনসিংহ বিভাগে জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন নেতৃত্ব দিচ্ছে একইভাবে শিক্ষা জীবন শেষেও এই বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দিবে বলে আশা করছি।’র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, ব্যবসায় প্রশাসন অনুষদের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য ; আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গাণিতিক লুকা প্যাসিওলির বিশ্বখ্যাত বই ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রথম ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস হিসেবে প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। এই দিনটি হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক, অডিটর এবং অ্যাকাউন্টিং পেশার সঙ্গে যুক্ত সকল ব্যক্তির অবদানকে সম্মান জানানোর জন্য উদ্যাপিত হয়। লুকা প্যাসিওলি ১৪৪৭ সালে ইতালির টুসকানো প্রদেশের সানসেপোলক্রো নামক একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন এবং ১৫১৭ সালে মৃত্যুবরণ করেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষ হতে ওয়েবিনারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ। এই ওয়েবিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রকার খেলাধুলা এবং সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।