নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করিয়ে রাখা আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। এতে বাস দুটির ভেতরের আসন, সরঞ্জাম ও বডিসহ দৃশ্যমান প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
বাসমালিকের হিসাবে, এতে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুটি বাসেরই কেবল লোহার কাঠামো অবশিষ্ট থাকে।
বাসমালিক মো. সাগির আহমেদ ও স্থানীয়দের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। অগ্নিকাণ্ডের সময় বাস দুটিতে কেউ উপস্থিত ছিলেন না, ফলে মশার কয়েল বা কোনো অসাবধানতা থেকে আগুন লাগার সুযোগ নেই। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে তাদের অভিযোগ। তবে পুলিশের প্রাথমিক ধারণা, কয়েল বা অন্য কোনো উৎসের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।