রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারের ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো সময় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা। এবিষয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, তানোর সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহামুদুর হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহামুদুর হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।