আদালতের দ্বারস্থ হলেন সৌরভ গাঙ্গুলি

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ পিএম
আদালতের দ্বারস্থ হলেন সৌরভ গাঙ্গুলি
ছবি: FNS

২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদ্যাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় সেই মুহূর্ত এবার উঠে এসেছে ‘দূসরা: ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’ সিনেমায়। তবে অনুমতি ছাড়া নিজের পরিচয় ও ব্যক্তিত্ব বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। মামলার প্রাথমিক শুনানি শেষে গত শুক্রবার সিনেমাটির নির্মাতাদের দুটি নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ সিনেমার শুরু ও শেষে হিন্দি ও ইংরেজিতে বিশেষ সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছেন। সেখানে জানাতে হবে, সিনেমায় সৌরভের পরিচয় ও ব্যক্তিত্ব ব্যবহারে তাঁর কোনো সম্মতি ছিল না। এ ছাড়া দুই সপ্তাহের মধ্যে আদালতে ২ কোটি রুপির নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে নির্মাতাদের। আদালতের পর্যবেক্ষণ, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঐতিহাসিক ঘটনা চিত্রায়ণের বাইরে গিয়ে সিনেমাটিতে সৌরভের পরিচয় ও ব্যক্তিত্ব বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তবে সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পাওয়ায় আপাতত প্রদর্শন বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ পালন না করলে বিভিন্ন মাধ্যমে সিনেমাটির বাণিজ্যিক প্রদর্শন ও ব্যবহার বন্ধ করা হতে পারে। সৌরভের আপত্তির মূল কারণ, তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ার ও অর্জনের পাশাপাশি ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালের ঐতিহাসিক জয় এবং লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদ্যাপনের দৃশ্য সিনেমার গল্প ও প্রচারণায় ব্যবহার করা হয়েছে। এ মামলায় যুক্ত হয়েছে লুভ ফিল্মস এলএলপিও। ২০২১ সালের আগস্টে সৌরভের জীবন ও ক্যারিয়ার নিয়ে অনুমোদিত বায়োপিক নির্মাণের স্বত্ব পেতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। অন্যদিকে ‘দূসরা’র নির্মাতাদের দাবি, এটি সৌরভের বায়োপিক নয়, বরং একটি কাল্পনিক স্পোর্টস ড্রামা। রাজস্থানের মধ্যবিত্ত পরিবারের তরুণী তারা নামের এক মেয়েকে ঘিরে সিনেমার গল্প। ন্যাটওয়েস্ট সিরিজের ঐতিহাসিক জয় ও সৌরভের নেতৃত্ব কীভাবে তারার জীবনে অনুপ্রেরণা হয়ে ওঠে, সেটিই তুলে ধরা হয়েছে। তবে সিনেমা, টিজার ও ট্রেলার দেখে আদালতের পর্যবেক্ষণ, কাল্পনিক গল্পের মধ্যেও সৌরভের পরিচয় ও ক্যারিয়ারকে বাণিজ্যিক আগ্রহ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। এদিকে সৌরভের অনুমোদিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র কাজও চলছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজনায় রয়েছেন লুভ ফিল্মসের লুভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। কলকাতার এক তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী অধিনায়ক হয়ে ওঠার গল্প থাকবে সিনেমাটিতে। ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত প্রথম পোস্টারেও লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই বিখ্যাত উদ্যাপনের দৃশ্য পুনর্র্নিমাণ করা হয়েছে।