সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে : রিজভী

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৬:২৬ পিএম
সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে : রিজভী
ছবি: FNS

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও নারীর অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রোববার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালব রিসোর্টের হলরুমে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সমবায় সম্পূর্ণভাবে মানুষের নিজস্ব উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কয়েকজন মানুষের সদিচ্ছা, আন্তরিকতা ও একসঙ্গে কাজ করার মানসিকতা।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ স্বেচ্ছায় একত্র হয়ে কাজ করাই সমবায়ের মূল লক্ষ্য। সমবায়ের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য কমানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়। এ ছাড়া কৃষক ও ব্যবসায়ীদের মধ্যবর্তী দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও সমবায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন ও গাজীপুরের জেলাপ্রশাসক নুরুল করিম ভূঁইয়া। এ সময় সমবায় অধিদপ্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সমবায়ী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে