“করব সমবায়, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। রবিবার (৮ নভেম্বর) বিভাগীয় প্রশাসন ও সমবায় বিভাগ, রংপুরের আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে রংপুর টাউন হল চত্বরে সমবায়ীদের উপস্থিতির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সকাল ১০টা ৩০ মিনিটে সমবায় পণ্য মেলার উদ্বোধন, ১০টা ৫০ মিনিটে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, ১১টা ১০ মিনিটে সমবায় বিভাগের কার্যক্রমের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ১১টা ৩৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার। রংপুরের জেলাপ্রশাসক মোছা. ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এবং সমবায় ব্যাংকের চেয়ারম্যান রেজওয়ানা ইসলাম লুনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক মো. মাসুদ পারভেজ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা সমবায় কর্মকর্তা মো. জাহিদুল হাসান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, রংপুর জেলা যুবদলের সভাপতি ও বড় রংপুর নগরমীরগঞ্জ সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মো. নাজমুল আলম নাজু এবং সমতা কনজ্যুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিনিধি মোছা. ফারজানা আখতার মীমসহ অন্যান্য সমবায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।
দিবসটি সকল কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট, রংপুরের অধ্যক্ষ সুমন আহমেদ। আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি ও সমবায়ীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় রংপুর বিভাগের ৮টি সমবায় সমিতি এবং ৪ জন সফল সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমবায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমবায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।