‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাঙ্গামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় মেলা এবং সেরা সমবায় সমিতিগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবন হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন (পিপিএম), জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহ্বায়ক অনিল বরণ চাকমা এবং জেলা পরিষদ সদস্য পাইচি মং মারমা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের কল্যাণে যে ১৯ দফা কর্মসূচি গ্রহণ করেছিলেন, তার অন্যতম ভিত্তি ছিল সমবায়। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতেও সমবায় খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।"
পাহাড়ের কৃষকদের কল্যাণে নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, "পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ (হিমাগার) নির্মাণ করা হবে এবং তা সমবায়ের মাধ্যমেই পরিচালিত হবে। এছাড়া সমবায়ীদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানসহ জেলা পরিষদের উদ্যোগে নানা কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা শাক্যেজ্জল চাকমা, আসবাবপত্র সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তারেক আহম্মেদ, বৃহত্তর বনরুপা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির মো. নেকবর আলী, চিড়াই কাঠ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, আলোড়ন মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরজাহান বেগম পারুল এবং বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্নেহাশীষ চাকমা।
আলোচনা সভা শেষে পার্বত্য জেলার সফল ও কর্মক্ষম ৯টি সমবায় সমিতির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে সকালে জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সাথে উদ্বোধন করা হয় দিনব্যাপী সমবায় মেলার, যেখানে স্থানীয় সমবায় সমিতিগুলোর উৎপাদিত পণ্য ও নানামুখী কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সমবায় নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জেলা শহরের পাশাপাশি রাঙ্গামাটির বিভিন্ন উপজেলাতেও পৃথক আয়োজনে ৫৫তম সমবায় দিবস পালিত হয়েছে।