মেহেরপুরের বারাদীতে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মরত শ্রমিক-কর্মচারীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছেন। রোববার দুপুরে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং নতুন মজুরি কাঠামো কার্যকরের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। কিন্তু এখনও অনেক শ্রমিক নিয়োগপত্র পাননি। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের দৈনিক মজুরি বৃদ্ধি করা জরুরি।
তারা আরও বলেন, প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন বিল্লাল, সাহাবুদ্দিন ও লুলু। এ ছাড়া কর্মরত শ্রমিকদের মধ্যে বক্তব্য দেন ইমন হোসেন ও আব্দুর রহিম। বক্তারা তাঁদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।