সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা বিওপির আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, গরু, রসুন, কম্বল, ফল, টম্যাটো, আলু, কসমেটিকস, চিপস ও গাড়ির টায়ারসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করা হয়।
আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।