প্রাথমিক শিক্ষার উর্বর ভূমি থেকে মেধার আলো ছড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরাণবাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর,২০২৬) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণিল, আনন্দঘন ও আবেগপ্রবণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
দুপুর গড়িয়ে যখন সোনালি রোদের আলো চারপাশকে স্নিগ্ধ করে তুলেছিল, ঠিক তখনই একে একে আসন গ্রহণ করেন বিদ্যালয়ের মেধাবী মুখগুলো। তাদের চোখে-মুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন এবং বিজয়ের দীপ্তি। কৃতি শিক্ষার্থীদের গলায় ফুলের মালা ও হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। আমন্ত্রিত অতিথিদের স্নেহাশ্রু আর পিতা-মাতার গর্বিত হাসিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ এক স্বর্গীয় আবহে রূপ নেয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত সাবেক শিক্ষক ধ্রুব রাজ বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চাঁদপুর সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন একদল বিশিষ্ট শিক্ষানুরাগী এবং গুণীজন: আলহাজ্ব মো. আলী হোসেন (প্রধান শিক্ষক, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়),শাহিন সুলতানা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়),গোপাল চন্দ্র সাহা (পরিচালক, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি),জুলফুর রহমান (প্রধান শিক্ষক, বিষ্ণুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়),বি এম ওমর ফারুক (বিশিষ্ট কবি, গীতিকার ও বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি),জাকির হোসেন খান শিপন (সহ-সভাপতি),মোহাম্মদ হোসাইন (সহ-সভাপতি, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক, মধুসূদন উচ্চ বিদ্যালয়),পারভীন বেগম (সদস্য, বিদ্যালয় পরিচালনা পরিষদ) ও ইউশা শেখ (বিশিষ্ট ব্যবসায়ী)। এছাড়াও অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গর্বিত পিতা-মাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকসমাজ এবং কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে রাশেদা আতিক রোজী বলেন, "প্রাথমিক শিক্ষা হলো মানবজীবনের সবচেয়ে শক্ত ভীত। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।" সভাপতির বক্তব্যে ধ্রুব রাজ বণিক শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার তাগিদ দেন। অন্যান্য অতিথিবৃন্দও প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে এই আনন্দময় সংবর্ধনা অনুষ্ঠানটির সার্থক সমাপ্তি ঘটে।