‘অপসাংবাদিকতার’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন বরাবর স্মারকলিপি

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৩ পিএম
‘অপসাংবাদিকতার’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন বরাবর স্মারকলিপি

যশোরের অভয়নগরে অপসাংবাদিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মুলধারার সাংবাদিক ও প্রশাসনসহ বিভিন্ন শ্রেণির পেশার ব্যক্তিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে নওয়াপাড়া প্রেসক্লাব। সাম্প্রতিক সময়ে উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার অস্থিরতা তৈরি করছে। এর সঙ্গে রয়েছে এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ভুল প্রয়োগ। এতে হয়রানি বেড়েছে। 

কথিত ব্যক্তি সাংবাদিকতার নামে চরম অপসাংবাদিকতায় লিপ্ত হয়ে মূলধারার সাংবাদিক, প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল ও সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এঁদের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। সম্প্রতি এই কুচক্রী মহল ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। 

এ ধরণের অপতৎপরতা বন্ধ করাসহ কুচক্রী অপসাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এবং অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ লুৎফর রহমান বরাবর পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও অভয়নগর থানার মাধ্যমে যশোর জেলাপ্রশাসক এবং জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোজাফ্ফার আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সদস্য ও দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, সহ-সভাপতি খায়রুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, যুগ্নো সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, বর্তমান সহ-সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য-প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজি রেজাউল করিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে