ঈশ্বরদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ এএম
ঈশ্বরদীতে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি হলুদ ক্ষেতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার স্বামীর বড় ভাইয়ের ছেলে শিবলু মৃধাকে একমাত্র অভিযুক্ত করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিবলু মৃধা বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার দীন মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে গৃহবধূর স্বামী কাজের সন্ধানে মেহেরপুরের গাংনীতে যান। দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী এক স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে শিবলু সেখানে গিয়ে গৃহবধূকে জানান, তার ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্ত বের হচ্ছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে গৃহবধূ দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন।

অভিযোগে বলা হয়েছে, বাড়ি ফেরার পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদ ক্ষেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে শিশুটিকে হত্যার ভয় দেখান। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরপরই তিনি অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি জানান। পরে মোবাইল ফোনে স্বামীকেও ঘটনাটি জানান। খবর পেয়ে তার স্বামী মেহেরপুর থেকে বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে আলোচনা করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।

ঈশ্বরদী থানার  অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একটি দল অভিযান শুরু করেছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে