মোল্লাহাটে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘর ও সীমানার বেড়া ভাঙচুর

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ এএম
মোল্লাহাটে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘর ও সীমানার বেড়া ভাঙচুর

বাগেরহাটের মোল্লাহাটে বসতবাড়ির জমি দখলের চেষ্টা, ছোট একটি ঘর ও সীমানার বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সোনাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনাপুরা গ্রামের মো. আফজাল মোল্লা (৬৯) তার বসতবাড়িসংলগ্ন একখণ্ড জমি দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সোমবার ভোরে একই এলাকার মো. খোকন মোল্লাসহ কয়েকজন ওই জমিতে এসে একটি ছোট ঘর ও সীমানার বেড়া ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

আফজাল মোল্লা জানান, এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তার স্ত্রীকেও মারধরের জন্য উদ্যত হন অভিযুক্তরা বলে অভিযোগ করেন তিনি ও তার স্ত্রী।

এ বিষয়ে অভিযুক্ত খোকন মোল্লার বক্তব্য জানতে তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ভাই আব্দুল হক মোল্লা জানান, বিরোধপূর্ণ জমিটি তার মেয়ের নামে কেনা। এ কারণে তারা সেখানে গিয়েছিলেন। এ সময় ঘর ও বেড়া ভাঙচুরের বিষয়টিও তিনি স্বীকার করেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে