সৈয়দপুরে পরিচ্ছন্ন সড়কে ময়লা ফেলবেন সাইন বোর্ড দেখে বিস্মিত সচেতন মহল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম
সৈয়দপুরে পরিচ্ছন্ন সড়কে ময়লা ফেলবেন সাইন বোর্ড দেখে বিস্মিত সচেতন মহল

নীলফামারীর সৈয়দপুর শহরসহ মহল্লাগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম চলমান রয়েছে। আর ঠিক এ সময়ে শহরের অফিসার্স কলোনীর সড়কে লাগানো হয়েছে সড়কের মধ্যে ময়লা আবর্জনা ফেলবেন এমন একটি সাইন বোর্ড। এতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মহল্লাবাসীর মধ্যে। পৌরসভার ৭নং ওয়ার্ড শহরের পুরাতন বাবুপাড়ার অফিসার্স কলোনির পরিচ্ছন্ন সড়কে ফের বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার পাঁয়তারা করছেন এলাকার কতিপয় ব্যক্তি। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।আবাসিক এলাকাটিতে শতাধিক পরিবারের বসবাস। এছাড়া রয়েছে একটি খানকা শরীফ ও তাইয়িবিয়া মোখতারিয়া আনোয়ারুল মাদ্রাসা।দীর্ঘদিন ধরে সড়কের ওপর বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার কারণে এলাকাটির পরিবেশ দূষিত হয়ে পড়েছিল। পচা-বাসি ময়লার দুর্গন্ধে ওই সড়ক দিয়ে চলাচল ও বসবাস করা কঠিন হয়ে পড়েছিল বাসিন্দাদের। অথচ বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনার জন্য সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে প্রতিটি বাড়িতে একটি করে বড় ড্রাম সরবরাহ করা হয়েছে। নির্ধারিত সময়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সেসব ড্রাম থেকে ময়লা সংগ্রহ করে নিয়ে যান। তারপরও এলাকার কতিপয় নারী-পুরুষ নির্ধারিত ড্রামে ময়লা না ফেলে সড়কের ওপর আবর্জনা ফেলতেন বলে অভিযোগ রয়েছে। এতে পুরো এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল।সম্প্রতি সৈয়দপুর পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ওই সড়কটি সংস্কার করা হচ্ছে। পৌরসভার লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এখন বেশ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। আগের দুর্গন্ধময় পরিবেশের পরিবর্তে ফিরে এসেছে স্বস্তি। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, পরিচ্ছন্ন সড়কটিতে আবারও ময়লা-আবর্জনা ফেলার উদ্যোগ নিচ্ছেন কতিপয় ব্যক্তি। এ জন্য সড়কের মধ্যে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সড়কে ময়লা ফেলবেন’। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।সচেতন মহলের প্রশ্ন, পৌরসভার বিপুল অর্থ ব্যয়ে সংস্কার করা একটি সুন্দর সড়ককে আবারও ময়লার ভাগাড়ে পরিণত করার এমন উদ্যোগ কেন? দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে এলাকাবাসী যখন পরিচ্ছন্ন পরিবেশ ফিরে পেয়েছেন, তখন আবারও সেই পুরোনো পরিস্থিতি তৈরির চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। স্থানীয় সচেতন বাসিন্দাদের দাবি, সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। কোনোভাবেই যেন অফিসার্স কলোনির পরিচ্ছন্ন সড়কটি আবার ময়লার ভাগাড়ে পরিণত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে