নেত্রকোনার কলমাকান্দায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৪ লাখ ৩ হাজার রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়া (বেনকোণা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার এসআই (নিঃ) আবু তাহের ও এএসআই (নিঃ) মাজাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে দুলাল মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়। আটক দুলাল মিয়া ওই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। কলমাকান্দা থানার ওসি মোঃ সোহেল রানা জানান, উদ্ধার করা ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।