গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম
গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের দুগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত ব্যবসায়ী জহিরুল ইসলাম শাঁখচূড়া এলাকার মরহুম জালাল উদ্দিনের ছেলে। সে গলাকাটা বাজার সংলগ্ন স’মিল মালিক ও কাঠ ব্যবসায়ী । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কের দুগাছিয়া এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে ৪ জন আহত হন। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক ইলিয়াস ও তার দুই বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে