বাগেরহাটের মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাস স্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ১৫ শয্যার এ হাসপাতালটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালটির পরিচালনা পরিষদের সদস্য মো. ফরহাদ হোসেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর জামায়াতের আমির মাস্টার আল আমীন হাওলাদার ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন পরিচালনা পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান নিয়াজ ও তানিভর আহমেদ।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, বিএনপি নেতা মো. আমীর আলী তালুকদার, জামায়াত নেতা মো. রফিকুল ইসলাম ও হাসপাতালটির দায়িত্বরত ইনচার্জ মো. শফিউল আজম।ম্যানেজার সুলাইমান হাওলাদার জানান, ১৫ বেডের এ হাসপাতালটিতে অত্যাধুনিক যন্ত্রপাতির প্যাথলজি সুবিধা ও সার্বক্ষণিক চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে এখানে চিকিৎসা সেবা চালু করা হবে। নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিসও থাকবে।