ভালুকা দুবৃত্তের ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ী খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা রাতে জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট পোষাক কারখানার সামনে মুক্তিযোদ্ধা মার্কেটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান মঙ্গলবার সন্ধা রাতে সদ্দাম হোসেন নামের এক মাদকসেবী রবিন্দ্র ঋষির সেলুনে ঢুকে রবিন্দ্র ঋষিকে ছুরিকাঘাত করে । এসময় সেলুন মালিক রবিন্দ্র প্রাণে বাঁচতে পাশেই হত্যকারী সাদ্দামের বাবা বাবুলের দোকানে আশ্রয় নেয়। সেখানেই উপর্যুপরি ছুরিকাঘাত করে রবিন্দ্রকে হত্যা করে পালিয়ে যায় সাদ্দাম। নিহত রবিন্দ্র ঋষি গ্রামের বাড়ী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। সে ভালুকার জামিরদিয়া বাসা ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। সাদ্দাম ভালুকার জামিরদিয়ার বাবুল মিয়ার ছেলে।
নিহত রবিন্দ্র ঋষির স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম নেশা করার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং মাগনা চুল কাটাতেন। আমার স্বামী ভয়ে তাকে টাকা ও চুল কেটে দিতেন। কিন্তু কয়েক দিন আগে আমার স্বামী তাকে টাকা দেয়া ও মাগনা চুল কাটা বন্ধ করে দিয়েছে। এনিয়ে আমার স্বামীর সাথে সাদ্দামের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে সাদ্দাম আমার স্বামীকে হত্যা করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল যায়। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।