মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বুধবার ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার জনপ্রিয় রেস্টুরেন্ট ‘মিয়ামি পার্ক’-এর সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, মহাসড়কের ওপর বিশাল গাছটি ভেঙে পড়ার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অত্যন্ত তৎপরতার সাথে রাস্তা থেকে গাছটি অপসারণ করেন। গাছটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। গাছ ভেঙে পড়ার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।