হিপ জয়েন্টের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে লিটনকে নিয়ে সুখবর দিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমার জানা অনুযায়ী, লিটন খেলতে পারবে। আগামী দুই দিনে পরিস্থিতির পরিবর্তন হলে আমি আপনাদের জানাব। তবে এই মুহূর্তে সে খেলার জন্য প্রস্তুত।’ এর আগে হিপ জয়েন্টে অস্বস্তির কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান লিটন। পূর্ণ কালীন অধিনায়ক হিসেবে ওয়ানডেতে এই সিরিজ দিয়েই যাত্রা শুরু হওয়ার কথা ছিল তার। তবে চোট সেটা হতে দেয়নি। দেশে ফেরার পর স্ক্যান করানো হয়। তাতে কিছু সমস্যা পাওয়া গেলেও সময়মতো ফিট হয়ে উঠছেন লিটন। অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন লিটন। এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেন সেঞ্চুরি। উইকেটের পিছনেও গড়েন ডিসমিসালের রেকর্ড। আগামীকাল বুধবার ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।