সিলেটে জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৫:৩০ পিএম
সিলেটে জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

সিলেট নগরের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও পুলিশের লুণ্ঠিত একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে এসব আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ওয়ান শুটার পাইপগান, চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, চারটি শর্টগানের কার্তুজ ও একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড। এসআরবি-৯, সিলেটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পান এসআরবির সদস্যরা। পরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ ও সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। তবে এসব আলামতের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে