এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:৫৫ পিএম
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঘোষিত এ কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ। দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া প্রকৌশলী কামরুল আরিফ সিলেট জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নতুন দায়িত্বের মাধ্যমে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এদিকে, নতুন কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে আরও কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তাঁদের মধ্যে এহতেশাম হক ও প্রীতম দাশ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রাশেল উল আলম তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া নাহিদ উদ্দিন তারেক সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জসিম উদ্দিন ডায়াস্পোরা বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন। নতুন কমিটিতে সিলেট বিভাগের একাধিক নেতার অন্তর্ভুক্তিকে আঞ্চলিক পর্যায়ে দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের সমন্বিত উদ্যোগে সিলেট বিভাগে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম বিস্তৃত হবে। ইনসাফ, সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে