দাকোপের বাজুয়া এলাকায় চাঁদার দাবীতে ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ। ঘটনায় জড়িত এজাহার নামিয় এক আসামীকে গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ। দাকোপ থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানা যায়, বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর মীর্জার নিকট একই এলাকার আশিক শেখ ও খোরশেদ শেখ মিলে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। কিন্তু ইউপি সদস্য চাঁদা দিতে অস্বীকার করায় ধারাবাহিক ভাবে হুমকি ধামকি দিতে থাকে। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাতে চুনকুড়ি রাজ্জাকের দোকান সংলগ্ন এলাকায় উল্লেখিত ব্যক্তিরা অজ্ঞাত আরো ৯/১০ জন সহযোগী নিয়ে মিজানুর মীর্জার উপর হামলা করে। তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। এ সময় মিজানুর মীর্জার পকেট থেকে নগত টাকা স্বর্ণের চেইন ও আংটি নিয়ে চলে যায় বলে দাবী করা হয়। ঘটনার পর আহত ইউপি সদস্যকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ইউপি সদস্যের পিতা আমজেদ মীর্জা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯/১০ জনকে আসামী করে দাকোপ থানায় মামলা দায়ের করে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে দাকোপ থানা পুলিশ অভিযান চালিয়ে বাজুয়া চুনকুড়ি এলাকা থেকে এজাহার নামিয় আসামী খোরশেদ শেখকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।