প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তার

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। এর আগে, ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে উদ্বেগ ও আলোচনা শুরু হয়। মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ফেসবুক অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করে অভিযান চালায়। এরপর আবু বকরকে আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন একটি মন্তব্য করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

আপনার জেলার সংবাদ পড়তে