২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম
২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী

প্রতারণা মামলায় ২১ লাখ টাকা আদালতে জমা দিয়ে জামিনে মুক্তি পেয়েছেন ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ (৪৫) এবং তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫)।

​গত সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় তাঁরা জেলা কারাগার থেকে মুক্তি পান।

​এদিকে, আসামিদের মুক্তির আদেশে আদালত কক্ষেই খুশিতে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করায় বিপাকে পড়েন মামলার বাদী মো. কবির হোসেন লিটন। আদালতের এজলাসে এমন অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান তাৎক্ষণিক তাঁকে সি.ডব্লিউ (ঈ.ড.) মূলে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে একই দিন পরবর্তীতে শুনানির পর আদালত বাদী কবির হোসেন লিটনকেও জামিন দেন।

​বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাছির জানান, প্রতারণা মামলায় অভিযুক্ত পিতা-পুত্র আদালতের ধার্যকৃত ২১ লাখ টাকা জমা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

​অন্যদিকে বাদীর জামিনের বিষয়ে আইনজীবী সাইফুল ইসলাম মোল্লা জানান, বিচারকের আদেশে একই দিন বাদীরও জামিন মঞ্জুর হয়েছে এবং মঙ্গলবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

আপনার জেলার সংবাদ পড়তে