রংপুরে অস্ত্র ও হত্যাসহ ২৬ মামলায় শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন এসআরবির হাতে গ্রেফতার

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৫:৫৭ পিএম
রংপুরে অস্ত্র ও হত্যাসহ ২৬ মামলায় শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন এসআরবির হাতে গ্রেফতার

 রংপুরে অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উত্তম এলাকার এসআরবি-১৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১৩-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম। তিনি জানান, সোমবার রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে মেরিল সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা চেষ্টা ও মারামারির ৮টি, চাঁদাবাজির ৪টি, ডাকাতির প্রস্তুতির ৩টি, অস্ত্র আইনে ৬টি, হত্যা ১টি, অপহরণ ১টি, সন্ত্রাসবিরোধী আইনে ১টি, মাদক আইনে ১টি এবং দ্রুত বিচার আইনে ১টি মামলা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেরিল সুমন এর আগে ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেফতার হন। ২০১৯ সালে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান ও চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ এবং চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার পরিকল্পনার অভিযোগে তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এসআরবি-১৩ কার্যালয়ে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আরপিএমপি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে